ইত্তেফাক ডেস্ক
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৫টায় পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের জলুয়ারদিঘি এলাকায় এ দুঘর্টনা ঘটে। নিহতরা হলেন— সিএনজি চালক সাতকানিয়া উপজেলার শিলঘাটা এলাকার উত্তম বড়ুয়া ও একই এলাকার সংঘদাশ বড়ুয়া।
পটিয়া ক্রসিং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ বি এম মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মহেশপুর (ঝিনাইদহ) : বুধবার সকালে কালীগঞ্জ-জীবননগর সড়কের কাটাখালী মোড়ে বাসের সঙ্গে ধাক্কায় মিনিবাসের ২৫ জন যাত্রী আহত হয়েছে। এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, উপজেলার কাটাখালী মোড়ে কালীগঞ্জ-জীবননগর সড়কে ঢাকাগামী বাসের সঙ্গে চুয়াডাঙ্গাগামী মিনিবাস ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় মিনিবাসের ২০-২৫ যাত্রী আহত হয়।
মহেশপুর থানার অফিসার ইনচার্জ রাশেদুল আলম জানান, আহতদের মহেশপুর ও কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কামারখন্দ (সিরাজগঞ্জ): কামারখন্দে মঙ্গলবার সন্ধ্যায় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হন। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের কামারখন্দ উপজেলার বানিয়াগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন— একই এলাকার আবু তালেবের ছেলে পিকআপভ্যান চালক হিরণ আহমেদ (৪০) ও তার ভাতিজা আশরাফুল ইসলামের ছেলে আতিকুর রহমান (৭)।
বঙ্গবন্ধু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে আতিকুর নিহত হন এবং গুরুতর আহত হন হিরণ। মুমূর্ষু অবস্থায় হিরণকে ঢাকায় পাঠানোর পথে তার মৃত্যু হয়।