দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা
নবগঠিত দেবীগঞ্জ পৌরসভার চূড়ান্ত ভোটার তালিকায় পৌরবাসীর অনেকের নাম না থাকায় ক্ষোভ বিরাজ করছে।
পৌরসভার কলেজপাড়া নিবাসী মাসুদ পারভেজ জানান, আমরা নিয়মিত সংসদ ও উপজেলা নির্বাচনে ভোট প্রদান করি এবং অনেকেই পৌরসভায় বসবাস করেও চূড়ান্ত ভোটার তালিকায় আমাদের অনেকের নাম নেই। অথচ আমরা পৌরসভার খাজনা/কর নিয়মিত প্রদান করে আসছি।
তিনি বলেন, অনেক বহিরাগতদের নতুন ভোটার তালিকায় কয়েকটি অন্তর্ভুক্ত করা হয়েছে। গত বছরের ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার ৮০০০ জন। কিন্তু এই সংখ্যা ন্যূনতম ১১০০০ এর নিচে নয়। ৮নং কলেজ পাড়ায় মোট ভোটার ছিল প্রায় ১৬০০ জন, নতুন তালিকা মোতাবেক এই সংখ্যা মাত্র ৩৭০ জন, যা অত্যন্ত হাস্যকর। ৯নং নতুন বন্দরে সর্বমোট ভোটার ১৩০০ জনের বেশি, কিন্তু তালিকায় আছে প্রায় ৮৫০ জন, তার মধ্যে ৬৫০ জন মহিলা, পুরুষের সংখ্যা প্রায় ২০০ জন। আবার ৪নং কাচারি পাড়া এবং ৫নং সবুজ পাড়ায় ভোটার সংখ্যাও প্রকৃত সংখ্যার থেকে অনেক বেশি দেখানো হয়েছে। এমতাবস্থায় প্রতিটি ওয়ার্ড ভিত্তিক ভোটার তালিকার সংযোজন ও বিয়োজন জরুরি হয়ে পড়েছে।
বাদ পড়া প্রায় ৫০০ জন ভোটার বুধবার দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রত্যয় হাসনের কাছে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটার তালিকা প্রণয়নের দাবি জানিয়ে স্মারকলিপি জমা দেন।
এ সময় দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রত্যয় হাসন তাদের অভিযোগ শুনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।