কমলগঞ্জে চা বাগানের দুই বাসায় ডাকাতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে এক চা শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকের বাসার গেইট ও দরজা ভেঙে সবাইকে বেঁধে ও এক শিশুর গলায় দা ধরে মালামাল, স্বর্ণ ও নগদ টাকা লুটে নিয়েছে ডাকাতরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় চা বাগানের ছয় নম্বর শ্রমিক বস্তিতে এ ঘটনার পর রাত সাড়ে তিনটায় পার্শ্ববর্তী কানিহাটি চা বাগানে নারায়ণ বীনের বাসায় একইভাবে দরজা ভেঙে ডাকাতি সংঘটিত হয়েছে।

শমশেরনগর চা বাগানের সিএনজি অটোরিকশা চালক অন্তর রাজভর জানান, একটি শিশুর গলায় লম্বা দা ধরে আলমারী ভেঙে তছনছ করে। এ সময় তিন লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

পার্শ্ববর্তী কানিহাটি চা বাগানের নারায়ণ বীনের ছেলে সঞ্জীব বীন বলেন, ডাকাতদল প্রায় চার লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। কানিহাটি চা বাগানের ওয়ার্ড ইউপি সদস্য সীতারাম বীন বলেন, পাশাপাশি দুটি চা বাগানে ডাকাতি ঘটনায় সাধারণ শ্রমিক পরিবারে আতঙ্ক বিরাজ করছে।

শমশেরনগর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, যেভাবে ডাকাতি হয়েছে তাতে বাধা দিলে বাসার লোকজন হতাহত হতেও পারতেন। ঘটনাটি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, পুলিশ তদন্ত করে দেখছে।