হাতিয়ায় ব্যাটারিচালিত রিকশা চার্জের ২৫ গ্যারেজ সিলগালা

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ব্যাটারিচালিত রিকশার অটো চার্জের ২৫ গ্যারেজ বন্ধ করে দেওয়া হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী এ সংযোগ বন্ধে অভিযান পরিচালনা করে হাতিয়া উপজেলা বিদ্যুত্ সরবরাহ কেন্দ্রের কর্মকর্তারা।

এ ব্যাপারে আবাসিক প্রকৌশলী মো. মশিউর রহমান জানান, ২৫ জন গ্রাহকের বিরুদ্ধে অবৈধ পন্থায় বিদ্যুত্ ব্যবহার করার অভিযোগ রয়েছে। অভিযুক্ত ঐ ২৫ জন গ্রাহক ব্যাটারিচালিত রিকশা বা অটো চার্জের গ্যারেজ ব্যবসা করে আসছিল। ঐ ২৫টি গ্যারেজ কমপক্ষে প্রতিদিন এক হাজার ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জ করত। এতে বিদ্যুত্ খরচ হতো তিন/চারশ কিলোওয়াট। যার কারণে পৌরসভায় বিদ্যুত্ সরবরাহ বিঘ্নিত হতো। ফলে গত জুন মাসে হাতিয়া উপজেলা পরিষদের মাসিক আইনশৃঙ্খলা সভায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জের গ্যারেজগুলো সিলগালা করে বন্ধ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরো জানান, হাতিয়ায় বিদ্যুত্ সরবরাহ কর্তৃপক্ষ থেকে বার বার নিষেধ করার পরও অটোরিকশা গ্যারেজ মালিকরা কর্ণপাত না করায় পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করে অটোরিকশার ব্যাটারি চার্জের গ্যারেজগুলো বন্ধ করে দেওয়া হয়। পুনরায় কেউ এ সকল গ্যারেজ ও অবৈধ বিদ্যুত্ সংযোগ চালু করলে ইলেকট্রিসিটি অ্যাক্টের বর্ণিত ধারা অনুযায়ী তাদের বিরুদ্ধে বিদ্যুত্ কোর্টে মামলা দায়ের করা হবে। দোষী ব্যক্তিদের জেলসহ অর্থদণ্ড হতে পারে।