ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা
নিহতের ৮ মাস পর আদালতের নির্দেশে ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মটুয়া কলোনী বড় কবরস্থান থেকে শিশু গৃহপরিচারিকা ফাহিমা আক্তারের (১৪) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে লাশটি উত্তোলন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জোবায়দা আক্তার জানান, নিহত ফাহিমা আক্তারের পরিবার আদালতে হত্যা মামলা দায়ের করলে ডিএনএ পরীক্ষার জন্য আদালতের নির্দেশে লাশটি উত্তোলন করা হয়েছে।
মামলার আইনজীবি এডভোকেট একরামুল হক ভূঁঞা বলেন, ফাহিমাকে নির্যাতন শেষে হত্যা করে লাশটি ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করেছে খুনীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক মোঃ আলতাফ হোসেন বলেন, ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া যাবে ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা।
নিহত ফাহিমা আক্তার লাল মনির হাট জেলার আদিত্য মাড়ী থানার দুর্গাপুর গ্রামের বাসিন্দা এবং ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার পশ্চিম ছাগলনাইয়া গ্রামের জমির উদ্দিন মিস্ত্রী বাড়ির ভাড়াটিয়া ছাগলনাইয়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মী নুর জামান বাবুলের মেয়ে।
উল্লেখ্য, ২০১৯ সালের ২১ জানুয়ারি নিহতের মা কোহিনুর বেগম বাদি হয়ে ফেনীর নারী শিশু আদালতে কন্যা হত্যার বিচার চেয়ে মামলা দায়ের করেন