হাঙ্গামার জন্য দুঃখপ্রকাশ
ইত্তেফাক রিপোর্ট
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হাঙ্গামা-ভাঙচুরের জন্য দুঃখ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের বিদ্রোহী অংশের বহিষ্কৃত নেতারা। পাশাপাশি তারা দলীয় সিদ্ধান্তের প্রতি অনুগত থাকার অঙ্গীকারও করেছেন। গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বহিষ্কৃত নেতাদের পক্ষে লিখিত বক্তব্যে এসব কথা বলেন ঢাকা মহানগর (দক্ষিণ) ছাত্রদলের সভাপতি জহির উদ্দীন তুহিন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাশার সিদ্দিকি (সাধারণ সম্পাদক, ঢাবি ছাত্রদল), এজমল হোসেন পাইলট (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল), ইকতিয়ার কবির (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল), জয়দেব জয় (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল), মামুন বিল্লাহ (সাবেক সহ-সভাপতি, ছাত্রদল), আসাদুজ্জামান আসাদ (সাবেক যুগ্ম সম্পাদক, ছাত্রদল), বায়েজিদ আরেফিন (সাবেক যুগ্ম সম্পাদক), দবিরউদ্দিন তুষার (সাবেক সহ-সাধারণ সম্পাদক) প্রমুখ।