ছেলের টেস্ট অভিষেক, অশ্রুসিক্ত বাবা

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে সরফরাজ খানের। রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের ভারতের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে মাঠে নামবেন তিনি। এর আগে মর্যাদার টেস্ট ক্যাপ হাতে পান সরফরাজ। ছেলের এমন খুশির মুহূর্তে আবেগআপ্লুত হয়েছেন বাবা নওশাদ খান। জ্যাকেটে মুখ গুঁজে চেষ্টা করেছেন কান্না লুকানোর।

সরফরাজের বাবার চোখের পানি বলে দেয় এমন একটা মুহূর্তের স্বপ্ন বহুদিন ধরে দেখছিলেন তিনি। সরফরাজ তার টেস্ট ক্যাপ পেয়েছেন কিংবদন্তি অনিল কুম্বলের কাছ থেকে। সরফরাজকে ভারতের ৩১১ নম্বর টেস্ট ক্যাপ দিয়ে কুম্বলে বলেন, 'সফু, যেভাবে তুমি উঠে এসেছ আমি সত্যিই গর্বিত। আমি নিশ্চিত তোমার বাবা, তোমার পরিবার ভীষণ গর্বিত। আমি জানি তুমি কঠোর পরিশ্রম করেছ। কিছু হতাশাও ছিলো। কিন্তু ঘরোয়া মৌসুমে তুমি যা রান করেছে সেসব তোমাকে এখানে এনেছে। ওয়েলডান। আমি আশা করি আজকের দারুণ স্মৃতি সঙ্গী হবে তোমার। আমি নিশ্চিত ক্যারিয়ার দীর্ঘ হবে। তোমার আগে মাত্র ৩১১ জন খেলেছে (টেস্ট ভারতের হয়ে)।'

টেস্ট ক্যাপ পাওয়ার পর প্রথম ছুটে যান বাবার কাছে। আবেগতাড়িত বাবা ছেলের আগেই চুমো দিয়েছেন ক্যাপে। জড়িয়ে ধরেন বাবাকে। টেস্ট অভিষেকে আগে ৪৫টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৬৯.৮৫ গড়ে ৩ হাজার ৯১২ রান করেছেন সরফরাজ।

বার বার জাতীয় দলে সুযোগ না পেয়ে হতাশ হয়েছিলেন সরফরাজ। তবে প্রথম বার ভারতীয় দলে সুযোগ পেয়ে বেশ উচ্ছ্বসিত এই ব্যাটার।  দলে সুযোগ পাওয়ার খবর পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার সঙ্গে খুশির মুহূর্তের একটি ছবি দিয়েছিলেন। সঙ্গে ‘চাক দে ইন্ডিয়া’ সিনেমার একটি জনপ্রিয় গান জুড়ে দিয়েছিলেন।