বইমেলায় ফারহানা মোস্তফা লিজার ‘দৌর্মনস্য ও কোরআন’

তরুণ লেখিকা ফারহানা মোস্তফা লিজার তৃতীয় মৌলিক গ্রন্থ ‘দৌর্মনস্য ও কোরআন’। অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত গবেষণাধর্মী এ বইয়ের মোড়ক গতকাল শুক্রবার বইমেলার শব্দশিল্পের স্টলে উন্মোচন করা হয়। বইমেলায় প্রকাশনীটির স্টল নম্বর ৮৯, ৯০ এবং ৯১। 

শব্দশিল্পের সত্ত্বাধিকারী শরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিলেন লেখিকার স্বামী সাবেক সামরিক কর্মকর্তা (অবসরপ্রাপ্ত) মেজর শরিফুজ্জামান, সার্ভিস সলিউশনস ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ উদ্দিনসহ লেখকের সন্তানরা ,বন্ধু এবং পরিবারের সদস্যারা সহ শুভাকাঙ্খীরা। অনুষ্ঠানে কেক কেটে বই এর মোড়ক উন্মোচন করা হয়।  

ফারহানা মোস্তফা লিজা বলেন, দৌর্মনস্য বা হতাশা, দুশ্চিন্তা, দুঃখবোধ, কষ্ট, অবসাদ, মৃত্যুভয়ে মানুষ অনেক সময় এমন অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তার জীবনে অপূরনীয় ক্ষতি ডেকে নিয়ে আনে। অথচ মহান আল্লাহ তায়ালা এ থেকে মুক্তি পেতে পবিত্র কোরআনে বারবার রহমতের বাণী দিয়েছেন। আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় যে, আল্লাহ পাক আমাদের সর্বক্ষেত্রে সাহায্য সহযোগিতা করেন এবং তিনি সর্বদাই বিরাজমান। তিনি সবসময় সৎকর্মের জন্য পুরস্কার রেখেছেন এবং বিপদগ্রস্ত কিংবা গুনাহগার বান্দা তওবা করার পর ক্ষমা করে দেয়ার অঙ্গীকার করেছেন। তাই মহান আল্লাহ তায়ালা সব রকমের হতাশা থেকে দূরে থেকে ধৈর্যশীল হওয়ার জন্য বলেছেন। গবেষণাধর্মী এ বইয়ে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। 


এর আগে লেখিকা ফারহানা মোস্তফা লিজার আরও দুটি বই বের হয়েছে। এগুলো হলো- ‘পবিত্র কোরআনের বিষয়ভিত্তিক কিছু আয়াত ও এ সম্পর্কিত কিছু হাদিস' এবং ‘নারী ও কোরআন’।