রিফাত ফরাজী গ্রেফতার, ৭ দিনের রিমান্ডে

আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার বিকালে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এই রিমান্ড মঞ্জুর করেন। 

হত্যা মামলার তদন্ত কর্মকর্তা বরগুনা সদর থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির বলেন, আদালতে হাজির করে রিফাত ফরাজীর ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

এর আগে মঙ্গলবার রাত ২টার দিকে রিফাত ফরাজীকে গ্রেফতার করে পুলিশ। বুধবার সকাল সাড়ে ৯টায় বরগুনার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে রিফাত ফরাজীকে গ্রেফতারের বিষয়টি জানান বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচজন এবং সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া, এই মামলার প্রধান অভিযুক্ত নয়ন বন্ড পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।

এজাহারভুক্ত বাকি গ্রেফতারকৃতরা হলেন—চন্দন, মো. হাসান, মো. অলিউল্লাহ অলি ও টিকটক হূদয়। এছাড়া ভিডিও ফুটেজ ও অন্যান্য তথ্যের ভিত্ততে গ্রেফতারকৃতরা হলো- মো. নাজমুল হাসান, তানভীর, মো. সাগর, কামরুল হাসান সাইমুন ও রাফিউল ইসলাম রাব্বি।