এবারের বইমেলায় মিজানুর রহমান মিথুনের ৩টি বই পাওয়া যাচ্ছে। বইগুলো হচ্ছে—‘আমাদের পতাকা’, ‘মেঘলা আকাশ’ ও ‘ঈশপের গল্প থেকে কবিতা’। বই ৩টি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘হুল্লোর’।
বইগুলো একুশে বইমেলায় হুল্লোরের ৭৩২ নাম্বার স্টল এবং সাহস প্রকাশনার ৩১৪-৩১৫ নাম্বার স্টলে পাওয়া যাচ্ছে। বইগুলোর প্রচ্ছদ ও অলংকরণ করেছেন চিত্রশিল্পী হাসান মাহমুদ সানি।
লেখক মিজানুর রহমান মিথুন বলেন, ‘আমাদের পতাকা’ বইটি দৃশ্যগল্পের বই। যে শিশুরা কেবল পড়তে শিখেছে, অথবা পড়তে শিখছে—তাদের জন্য এ দৃশ্যগল্পের বইটি। যুক্তবর্ণ ছাড়াই বইয়ের প্রতিটি লাইন মাত্র ৩টি শব্দে ও ৩টি বর্ণে লেখা হয়েছে। সেই সঙ্গে এর প্রতিটি লাইন সর্বোচ্চ ৮টি বর্ণ দিয়ে লেখা হয়েছে।
তিনি আরও বলেন, ‘মেঘলা আকাশ’ ছড়ার বই। এটিও যুক্তবর্ণ ছাড়া। এ বইয়ের প্রতিটি পাতায় রয়েছে সুন্দর সুন্দর ছবি। তাছাড়া ‘ঈশপের গল্প থেকে কবিতা’ বইয়ে ঈশপের বেশ কিছু জনপ্রিয় গল্প ছড়া-কবিতায় রূপ দেওয়া হয়েছে। গল্পগুলো ছন্দবদ্ধ হওয়ায় শিশুরা এগুলো আগ্রহ নিয়ে পড়বে।
মিজানুর রহমান মিথুন পেশায় একজন সাংবাদিক। নিয়মিত গানও লিখছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন তালিকাভুক্ত গীতিকার। ২০২৩ সালে তিনি বাংলা একাডেমির জীবনসদস্য মনোনীত হন।
তার অন্যান্য বইয়ের মধ্যে উল্লেখযোগ্য, ‘তিনি আমাদের জাতির পিতা’, ‘রাসেল তুমি ফিরে এসো’, ‘যে ভূতটা বই পড়তে এসেছিলো’, ‘ফার্স্ট গার্ল সেকেন্ড বয়’, ‘ফুল বালিকা’, ‘মিষ্টি মেয়ে টুকটুকি’, ‘ব্যাক বেঞ্চার’, ‘স্কুলের সাহসী ছেলেটি’, ‘ক্লাস পালানো ছেলে’ প্রভৃতি।