সেমিফাইনাল নিশ্চিত করতে হলে ম্যাচ জয়ের বিকল্প নেই ইংল্যান্ডের সামনে। লিগ পর্বের শেষ ম্যাচে তাই সেরাটা নিংড়ে দিচ্ছে স্বাগতিকরা। ডারহামের চেস্টার লি স্ট্রিটে জয়ের ভিতটা গড়ে দিয়েছেন ইংলিশ ব্যাটসম্যানরা। গতকাল জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৫ রানের বড় স্কোর গড়ে জয়ের প্রাথমিক কাজটাও সেরেছে ইংল্যান্ড। ৩০৬ রানের টার্গেটে খেলতে নেমে বিপদের মুখে আছে নিউজিল্যান্ড। ৬৯ রানে চার উইকেট হারিয়ে বসেছে কিউইরা।
গতকাল এই রিপোর্ট লেখা পর্যন্ত ১৯ ওভারে চার উইকেটে ৮৪ রান তুলেছে নিউজিল্যান্ড। আউট হয়ে গেছেন মার্টিন গাপটিল (৮), হেনরি নিকোলস (০), কেন উইলিয়ামসন (২৭), রস টেইলর (২৮)।
এর আগে দুই ওপেনার জ্যাসন রয় ও জনি বেয়ারস্টো দারুণ শুরু এনে দিয়েছিলেন ইংল্যান্ডকে। যদিও তাদের গড়ে দেয়া ভিতের উপর দাঁড়িয়ে স্বাগতিকদের স্কোরটা প্রত্যাশিত গন্তব্যে পৌঁছাতে পারেনি। মিডল অর্ডারে দ্রুত উইকেট হারিয়েছিল ইংলিশরা। জ্যাসন রয়-বেয়ারস্টো ১২৩ রানের জুটি গড়েন। ১৯তম ওভারে জ্যাসন ৬০ রান করে আউট হলে ভাঙে সেই জুটি। ক্যারিয়ারের নবম ও বিশ্বকাপে টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। জো রুটের সঙ্গেও দ্বিতীয় উইকেটেও ৭১ রানের জুটি গড়েছিলেন তিনি। রুট ২৪ রান করে ফিরেন ৩১তম ওভারে। পরের ওভারেই বেয়ারস্টো থামেন ৯৯ বলে ১০৬ রান (১৫ চার, ১ ছয়) করে।
তারপর বাটলার (১১), বেন স্টোকস (১১), ক্রিস ওকস (৪) ব্যর্থ হলেও অধিনায়ক মরগানের ৪২, প্লাঙ্কেটের অপরাজিত ১৫, আদিল রশিদের ১৬ রানে তিনশো পার হয় ইংল্যান্ডের স্কোর। নিউজিল্যান্ডের বোল্ট, ম্যাট হেনরি, জিমি নিশাম দুটি করে উইকেট নেন। টিম সাউদি ও স্যান্টনার একটি করে উইকেট পান।