কক্সবাজারে আগের স্ত্রীর মামলায় কণ্ঠশিল্পী সালমার স্বামী সাগর কারাগারে

কক্সবাজারের নারী নির্যাতন ট্রাইব্যুনালে আগের স্ত্রীর দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমার বর্তমান স্বামী সানাউল্লাহ নূরী সাগরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার আদালতে হাজির হয়ে সাগর তার বিরুদ্ধে দায়ের করা মামলায় জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে। 

কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট তাপস রক্ষিত এ তথ্য নিশ্চিত করেন। আদালত সূত্র জানায়, গত বছরের নভেম্বরে কক্সবাজার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ সানাউল্লাহ নূরী সাগরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সাগরের প্রথম স্ত্রী তাসনিয়া মুনিয়াত ওরফে পুষ্মীর মা দিলারা খানম। এ মামলায় উচ্চ আদালত থেকে তিনি আগাম জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়া বুধবার নিম্ন আদালতে হাজির হয়েছিলেন সানাউল্লাহ নূরী সাগর ও তার বাবা-মা।

এসময় তার আইনজীবী কক্সবাজার আদালতের আহমদ কবিরসহ ঢাকা থেকে আনা আরো ৮-১০ জন জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেয়। এদিকে সালমার স্বামীকে কারাগারে পাঠানোর খবর প্রচার পাওয়ার পর আদালত এলাকায় ভিড় জমায় উত্সুক জনতা।