সিরাজগঞ্জের তাড়াশে পলিথিন উড়িয়ে ইঁদুরের হাত থেকে খেতের ফসল রক্ষা করেছেন তাড়াশের খিরা চাষিরা। কৃষি অফিসের পরামর্শে এই পদ্ধতি পদ্ধতি ব্যবহার করে সাফল্য পেয়েছেন তারা।
বারুহাস ইউনিয়নের পেঙ্গুয়ারি গ্রামের খিরা চাষি কাওছার ও ইসলাম জানান, রবিশস্য মৌসুমে আমাদের গ্রামের অনেকে খিরার চাষ করেন। কিন্তু ইঁদুরে খিরা গাছ কেটে দেয় ও খিরা খেয়ে ফেলে। এতে কৃষকদের বেশ ক্ষতি হয়। এ বছর কৃষি অফিসের পরামর্শে পলিথিন ব্যবহার করে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেয়েছি।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, সাধারণত শুকনো মৌসুমে বাড়ির ইঁদুর বিস্তীর্ণ মাঠের ফসলের খেতে নেমে ফসলের ক্ষতি করে। চাষিদের খেতে পলিথিন উড়িয়ে ইঁদুর তাড়ানোর পরামর্শ দেওয়া হয়। এ পদ্ধতিতে চাষিরা উপকৃত হচ্ছেন বলে জানিয়েছেন।
চাষিরা আরও বলেন, হালকা বাতাসে দিন-রাত পলিথিন ওড়ে। পলিথিন ওড়ার শব্দ শুনে ইঁদুর ভয়ে খেত থেকে পালিয়ে যায়। গর্তে ইঁদুর লুকিয়ে থাকলেও পলিথিন দেখে বের হতে ভয় পায়।