ডুমুরিয়ায় গৃহবধূর লাশ উদ্ধার আটক ৫

উপজেলার পল্লী থেকে ডুমুরিয়া থানা পুলিশ বুধবার বিকেলে এক বীমা কর্মী গৃহবধূর নিজ বাড়ি থেকে লাশ উদ্ধার করেছে। এ সময় গৃহবধূর গলায় গামছা পেঁচানো ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানান, উপজেলার বলাবুনিয়া গ্রামের স্বপন মণ্ডলের স্ত্রী দু’সন্তানের জননী সৌরভী মণ্ডল (৪৫) মঙ্গলবার রাতে খাবার খেয়ে প্রতিদিনের মতো খোলা বারান্দায় ঘুমিয়ে পড়েন। সকালে তাকে বাড়িতে না দেখে প্রতিবেশীরা ডাকাডাকি করতে থাকেন। পরে বারান্দায় তাকে গলায় গামছা পেঁচানো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পুলিশ খবর পেয়ে বুধবার বিকেলে সৌরভী মণ্ডলের লাশ উদ্ধার করে। ডুমুরিয়া থানার এসআই পিযুষ রায় জানান, রহস্যজনক মৃত্যুর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী রঞ্জন মণ্ডলের দুই ছেলে জয়ন্ত মণ্ডল (৩০), রতন মণ্ডল (২৭), শিবপ্রসাদ মণ্ডল (৩৬), গুরুপদ রায় (৭৫) ও কাকলী রায়কে (৪০) আটক করা হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।