বসুন্ধরার শুভ সূচনা

স্পোর্টস রিপোর্টার

স্বাধীনতা কাপ ফুটবলের ডেথ গ্রুপ বলা হচ্ছে ‘ডি’ গ্রুপকে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব, বসুন্ধরা কিংস এবং শেখ রাসেল ক্রীড়াচক্র খেলছে এই গ্রুপে। কে বাদ পড়বে তা বলা কঠিন। কোয়ার্টার ফাইনালে উঠার লড়াইয়ে কেউ আগাম বলতে পারবে না কে যাচ্ছে কে যাচ্ছে না। কাল রাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ২-০ গোলে শেখ জামাল ধানমন্ডিকে হারিয়েও স্বস্তিতে নেই।

ফেডারেশন কাপ রানার্সআপ বসুন্ধরা কিংস খেলার প্রথমার্ধেই এক ধাক্কায় শেখ জামালকে বিপদে ফেলে দিয়েছে দিয়েছে। প্রথমার্ধে ২ গোল পেয়ে অনেকটা নিরাপদ স্থানে জায়গা করে নেয়। ১৮ মিনিটে প্রথম গোল আদায় দিয়েছেন ডিফেন্ডার নাসির চৌধুরী। রাশিয়া বিশ্বকাপ ফুটবলে খেলা কোস্টারিকার ফরোয়ার্ড ডানিয়েল কলিন্দ্রেস কর্নার করেন। নাসির হেড করেন। সেই বল দুইবার ড্রপ করে জালে গিয়ে থামে ১-০। শেখ জামালের খেলোয়াড়রা দৌড়ে গিয়ে গড়িয়ে যাওয়া বল থামাতে পারেননি।

কলিন্দ্রেস কাল ছিলেন প্লেমেকার। গোল করার চেয়ে গোল করানোর দিকে মনোযোগী ছিলেন বিশ্বকাপ খেলা এই ফুটবলার। একবার তার শট সাইড পোস্টে আঘাত করে ফিরে আসে। গোল হজমের ধাক্কা সামাল দিয়ে না উঠতেই আবার গোল হজম করে শেখ জামাল। ৩৮ মিনিটে কিরগিজ ফুটবলার বখতিয়ার দেখে-শুনে ঠাণ্ডা মাথায় গোল করলেন ২-০। ফেডকাপে এই দুই দলের লড়াই ১-১ গোলে শেষ হয়।