একটু বৃষ্টি হলেই কাদাজল মাড়িয়ে যেতে হয় স্কুলে

সোনারগাঁওয়ের মালিপাড়া থেকে বশিরগাঁও সড়ক। সামান্য বৃষ্টিতেই গ্রামীণ এই কাঁচা রাস্তাটি কাদাপানিতে প্যাচপেচে হয়ে পড়ে। আর সেই কাদাজল মাড়িয়ে শিক্ষার্থীদের যাওয়া-আসা করতে হয় স্কুলে। চলাচল করতে হয় সাত গ্রামের মানুষকে। সোনারগাঁও উপজেলা প্রকল্পের আওতাধীন এই সড়ক দীর্ঘদিন ধরে পাকা করার জন্য দাবি জানিয়ে আসছে এলাকার বাসিন্দারা। ওই সড়কের কিছু অংশে ইট বিছানো থাকলেও বেশির ভাগ অংশই কাঁচা রয়ে গেছে।

জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের মালিপাড়া-বশিরগাঁও সড়কে বশিরগাঁও, মিরেরবাগ, মালিপাড়া, জামপুর, মাঝেরচর, প্রভাকরদী, কাঠাবো গ্রামের প্রায় ৪-৫ হাজার লোক নিয়মিত চলাচল করে থাকে। সড়কটি কাঁচা থাকার কারণে চলাচলে সমস্যা হচ্ছে তাদের। সড়কের কাদাজলে আছড়ে পড়ে আহত হয়েছে শিক্ষার্থীসহ অনেকে। স্থানীয় সমাজসেবক আল মুজাহিদ মল্লিক জানান, বশিরগাঁওসহ সাত-আটটি গ্রামের লোকজনের চলাচলের সুবিধার্থে তিনি সড়কটি মাঝেমধ্যে নিজ খরচে সংস্কার করে চলাচলের উপযোগী করার চেষ্টা করে থাকেন। তবে সড়কটি পাকা করা দরকার। সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা আহসান হাবিব টিপু জানান, সড়কটি পাকা হলে এই অঞ্চলের মানুষ তাদের কৃষিপণ্য সহজে বাজারে বিক্রি করতে পারবে।

সোনারগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম জানান, প্রকল্পের মাধ্যমে সড়কটি সংস্কার করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।