সোনারগাঁওয়ে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ১০ শিক্ষার্থীকে পিটিয়ে জখম করেছে বহিরাগতরা। বুধবার সকালে স্কুলের ভেতরে ওই শিক্ষার্থীদের পিটিয়ে জখম করা হয়। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ঘটনায় সনমান্দি ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল হক টিক্কা খাঁন বাদী হয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার ও সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন।
সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, প্রভাব বিস্তারকে কেন্দ্র করে গতকাল সকালে পশ্চিম সনমান্দি গ্রামের কামরুল ইসলামের নেতৃত্বে আব্দুর রহিম, সবুজ, রাসেল, শান্ত, সিদ্দিকুর রহমান, আরিফ, আরিফুর রহমান ও রবিউল লাঠিসোঁটা, লোহার রড নিয়ে সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মশুরাকান্দা গ্রামের রবিন, রিফাত, রিসাল, ইসাম, রায়হান ও সুমনসহ ১০ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করে। এ সময় শিক্ষক ও এলাকাবাসী বাধা দিতে এলে তাদেরকেও লাঞ্ছিত করে বহিরাগতরা।
সনমান্দি হাসান খাঁন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনা খুবই দুঃখজনক। বহিরাগত লোকজন স্কুলে প্রবেশ করে শিক্ষার্থীদের মারধর করেছে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করা হয়েছে। সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।