সাভারের আশুলিয়ায় একটি বাসার গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দেওয়াল ধসে চাপাপড়ে তাহসিন নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। গতকাল বুধবার সকালে আশুলিয়ার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার হাজি আকবর হোসেনের মালিকানাধীন এক তলা ভবনে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত তাহসিন হাসান মাগুরা জেলার মোহাম্মদপুর এলাকার নাজমুল হাসানের ছেলে। নাজমুল আকবর হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। আহতরা হলেন—আবুল কালাম, দিপু মিয়া, মৌসুমী আক্তার ও ছয় বছরের শিশু মিম। তারা সবাই এ বাড়ির ভাড়াটিয়া।
জানা গেছে, গত কয়েকদিন ধরে পাইপ লাইনের লিকেজ থেকে গ্যাস বের হচ্ছিল। বিষয়টি বাড়ির মালিককে ভাড়াটিয়ারা জানালেও তা সারানো হয়নি। গতকাল সকালে রান্না করার সময় বিস্ফোরণে এক তলা ভবনের দুই পাশের দেওয়াল ধসে পড়ে।
আশুলিয়া থানার ওসি রিজাউল হক বলেন, ঘটনাটি তদন্তের পাশাপাশি বাড়ির মালিকের কোনো গাফিলতি থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।