বিপিএলে দেশি ক্রিকেটারদের জয়জয়কার

প্রায় শেষের দিকে চলমান বিপিএলের দশম আসরের প্রথম পর্ব। আর দুটি ম্যাচ বাকি যা অনুষ্ঠিত হবে আগামীকাল মিরপুরে। এছাড়া ইতিমধ্যে নিশ্চিত হয়ে গিয়েছে আসরের পরবর্তী পর্বের চার দলের মধ্যে তিন দল। অপেক্ষা শুধু একটি দলের সেটিও প্রায় নিশ্চিত শুধু আনুষ্ঠানিকতার জন্য কাগজে-কলমের হিসাবটাই রয়েছে বাকি। তা অবশ্য শুক্রবার নিশ্চিত হয়ে যাবে। 

তবে সবচেয়ে আকর্ষণী বিষয় হচ্ছে এবারের আসর জুড়ে দেশি খেলোয়াড়রাই দাপট দেখিয়েছে। গ্যালারি মাতিয়েছে ফ্রাঞ্চাইজিগুলোর স্বদেশি ক্রিকেটাররাই। এখন পর্যন্ত আসরের টপ স্কোরার থেকে শুরু করে টপ উইকেট টেকার কিংবা সেরা অলরাউন্ডার সব খানেই বিদেশিদের ছাপিয়ে নজরকারা পারফরম্যান্স করেছে স্বাগতিক ক্রিকেটাররা।

গেল আসর থেকেই ধারাবাহিকভাবে ব্যাটে-বলে দেশি ক্রিকেটারদের দাপট দেখা যাচ্ছে যদিও এর আগের আসরে অর্থাৎ ২০২২ সালে অনুষ্ঠিত হওয়া অষ্টম আসরে দেখা গিয়েছিল বিদেশিদের তাণ্ডব। ব্যাটে-বলে যেন আসরের সর্বোচ্চ রান-উইকেটের তালিকায় তারাই থাকতো। তবে দিনে দিনে বিশ্বব্যাপী ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট সংখ্যা বাড়ায় এবং সেগুলোতে অধীন টাকা ও সুযোগ-সুবিধার কারণে বিপিএলের সময় অন্য টুর্নামেন্ট চললে বাংলাদেশে খেলতে আসার প্রতি বিদেশি তারকা ক্রিকেটারদের খানিকটা অনীহা দেখায়। তার পরও যারা আসে তারাও থাকে আসা-যাওয়ার মধ্যে। আর সেই সুযোগটাই গত আসর থেকে লুফে নিচ্ছে দেশি ক্রিকেটাররা। নিজেদের মেলে ধরছে সর্বোচ্চটা দিয়েই।

চলমান বিপিএলে ৭টি দল অংশ নিয়েছে যার মধ্যে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পরবর্তী রাউন্ড অর্থাৎ প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। অন্যদিকে গেল আসরে চমক দেখিয়ে ফাইনাল খেলা সিলেট স্ট্রাইকার্স এবার প্রথম পর্ব থেকেই নিয়েছে বিদায় তাদের সঙ্গে রয়েছে এবারের আসরের নতুন ফ্রাঞ্চাইজি দুর্দান্ত ঢাকা। 

তবে বাদ পরার আর পরবর্তী যাওয়ার যুদ্ধে শেষ ম্যাচ অবদি লড়াইয়ে রয়েছে দেশি তারকা ক্রিকেটারে ভরপুর ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স। যদিও এখানে খুলনার থেকে অনেকটা এগিয়েই রয়েছে বরিশাল কোনো রকম বিস্ময়কর কিছু ঘটাতে না পারলে আসরের তৃতীয় ও শেষ হিসেবে এখানেই দশম বিপিএলে যাত্রা থামতে যাচ্ছে শুরু থেকে উড়তে থাকা খুলনার।

এবারের বিপিএলের পর্দা নামবে আগামী ১ মার্চ ফাইনাল দিয়ে। তার আগে আগামীকালকের প্রথম পর্বের দুইটি ম্যাচসহ পাঁচটি ম্যাচ। এখন পর্যন্ত আসরে শতরানের ইনিংস খেলতে দেখা গিয়েছে তিন ব্যাটারকে যাদের মধ্যে দুই জনই বাংলাদেশি। তারা হলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তাওহীদ হৃদয় (১০৮) ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের তানজিদ হাসান তামিম (১১৬)। আসরের সর্বোচ্চ রান স্কোরের তালিকাতেও এই দুই ব্যাটারের একে অপরকে ছাড়িয়ে যাওয়ার রেস চলছে। এছাড়া বিদেশিদের মধ্যে সেঞ্চুরি করেছেন বিপিএলের পরিচিত ইংলিশ মুখ উইল জ্যাকস (১০৮)। 

অন্যদিকে আসরের সর্বোচ্চ উইকেট শিকারি শরীফুল ইসলাম (২২)। তবে তার এমন দারুণ ছন্দে থাকার পরও টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিয়েছে তার দল দুর্দান্ত ঢাকা। তাই তার আর উইকেট শিকারের সম্ভাবনা নেই। এতে শেষ অবদি এই তালিকার চূড়ায় থাকবেন কিনা তা নিয়ে রয়েছে খানিকটা শঙ্কা। কারণ তার পরেই রয়েছেন দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (১৭)। এই বাঁহাতি স্পিনার পাঁচ উইকেট পেছনে রয়েছে শরীফুলের। সাকিব খেলছেন রংপুর রাইডার্সের হয়ে যারা ইতিমধ্যে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গিয়েছে। তাই সাকিব চাইলেই এখানে নিজের নাম তুলতে পারে।