সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ঢাকার চারপাশের নদীগুলোকে দখলমুক্ত করে নদীর পাড়কে বিনোদনের জন্য জনসাধারণের জন্য অবমুক্ত করা হবে। সেই লক্ষ্যে বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ড যৌথভাবে ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করে আসছে। চতুর্থ ধাপের দ্বিতীয় দিনে গতকাল বুধবার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকার কেরানীগঞ্জের গকুলচর থেকে বাবুবাজার ব্রিজ এলাকা পর্যন্ত ১৫১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দেড় একর সরকারি জমি। এছাড়া বুড়িগঙ্গা নদীর পাড়ের বেশ কিছু গাছ কেটে ফেলা হয়।
বিআইডব্লিউটিএর ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিন জানান, কৌশলে নদীর পাড়ে গাছ লাগিয়ে নদীর জমি ভরাট করে পরে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করে দখলদাররা। গতকাল অভিযানে একতলা ভবন ২৩টি, দোতলা ভবন ৮টি, তিনতলা ভবন ৩টি, আধা পাকা টিনশেড ৬৫টিসহ মোট ১৫১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ নিয়ে গত ২৯ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত প্রায় ৪ হাজার অবৈধ স্থাপনা উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ।