রাখাইন থেকে দলে দলে রোহিঙ্গাদের বিতাড়ন বাংলাদেশ ও ভারতের জন্য নিরাপত্তা হুমকি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। এ দুইটি দেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত থাকায় এই নিরাপত্তা হুমকি বলে জানান তিনি। গতকাল বুধবার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে (বিস) আয়োজিত পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ-ভারত সহযোগিতা বিষয়ক সেমিনারে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘উগ্রবাদ মোকাবিলায় এখন পর্যন্ত বাংলাদেশ খুব ভালো করেছে; কিন্তু, কতদিন করতে পারবে এটি আমরা জানি না। ইতিমধ্যে আপনারা দেখেছেন এই অঞ্চলে অস্ত্র আসা শুরু হয়েছে এবং সামনের দিনগুলোতে আমরা সতর্ক না হলে এবং আমাদের প্রতিবেশী ও আন্তর্জাতিক সম্প্রদায় একসঙ্গে কাজ না করলে এই অঞ্চলে অস্থিতিশীলতা তৈরি হবে।’
মিয়ানমারে যা ঘটছে তার জন্য গোটা বিশ্বের উদ্বিগ্ন হওয়া উচিত এবং এর জন্য আমাদের একটি অবস্থান নিতে হবে বলে তিনি জানান। গওহর বলেন, স্থানীয়ভাবে সাম্প্রদায়িক দাঙ্গার কারণে ওই রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে আসেনি। ‘এটি ইচ্ছাকৃত, পরিকল্পিত এবং গণহত্যার শামিল।’ আমরা যদি এটি মেনে নেই তবে পৃথিবীর কোনো দেশে সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পরবে না বলে তিনি জানান। বিসের মহাপরিচালক জেনারেল আব্দুর রহমান সেমিনারে স্বাগত বক্তব্য দেন এবং ভারতের ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের মহাপরিচালক সুজন চিনয় বক্তব্য রাখেন।