দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও গণতন্ত্র মঞ্চের নেতা সাকিব আনোয়ারের উপর হামলার প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর গণসংহতি আন্দোলন কার্যালয়ে অনুষ্ঠিত মঞ্চের এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচীর মধ্যে শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের নেতা সাকিব আনোয়ারের ওপর হামলা ও রাজনৈতিক দমন-পীড়নের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থপাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে এসময় সভায় গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।
তারা সরকারের উদ্দেশ্যে বলেন, অতীতের স্বৈরাচারীদের মতো এই পথে শেষ পর্যন্ত পার পাওয়া যাবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন সকল ভয়-ত্রাস মোকাবিলা করে বিজয়ী হবে।