১০০ টাকায় দেখা যাবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ

দেখতে দেখতে প্রায় শেষ দিকে চলে এসেছে চলমান দশম বিপিএল। আর দুই ম্যাচ মাঠে গড়ানোর মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। আর ফাইনালের আগের ম্যাচটি দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবে সর্বনিম্ন ১০০ টাকা থেকে সর্বোচ্চ ১৫০০ টাকার টিকিট কিনার মাধ্যমে। 

আগামী ২৮ ফেব্রুয়ারি মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ার। এই ম্যাচের মাধ্যমেই নির্ধারিত হবে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠবে কোন ফ্রাঞ্চাইজি। 

আর এই ম্যাচের টিকিটের দাম কমানো হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ৮০০ টাকায়। এছাড়া ক্লাব হাউজ ৪০০, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়। আর ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট মিলবে মাত্র ১০০ টাকায়।