রামপুরা এলাকায় রাজউকের উচ্ছেদ অভিযান ও জরিমানা

রাজধানীর রামপুরা পুষ্পশ্রী আবাসিক এলাকায় রাজউকের অনুমোদিত নকশা না মেনে কয়েকটি ভবনের নির্মাণ কাজ চলমান থাকায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় বেশ কয়েকটি নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারির) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের পরিচালক (অডিট ও বাজেট) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুজ্জামান।

তিনি বলেন, নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষণিক ভাবে একটি ভবনে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোতে সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়ায় কাজ বন্ধ করে দেয়া হয়েছে। অবৈধ অংশ নিজ দায়িত্বে ভেঙে ফেলার শর্তে ভবন মালিকদের কাছ থেকে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা নেওয়া হয়।

প্রকৌশলী জোটন দেবনাথ বলেন, যে সকল ভবন নির্মাণকারী রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবে না এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে জনমানুষের চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেসকল ভবন মালিকদের বিরুদ্ধে রাজউকের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মোবাইল কোর্টের সার্বিক সহযোগিতায় ছিলেন রাজউক জোন-৬ এর পরিচালক সালেহ আহমদ জাকারিয়া, অথরাইজড অফিসার প্রকৌশলী জোটন দেবনাথ, প্রধান ইমারত পরিদর্শক বাসুদেব ভট্টাচার্য ও বেলাল হোসেন, ইমারত পরিদর্শক মোঃ ফিরোজ আলম, সুমন আহমেদ, মোঃ সাইফুল ইসলাম, মো: ইমরান শেখ, মোঃজিয়াউদ্দিন, মোঃ কামরুজ্জামান, বিশ্বজিৎ সিংহসহ রাজউকের কর্মকর্তারা।