ইরানে পার্লামেন্ট নির্বাচনের ভোট আজ

ইরানে আজ পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় শুক্রবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২০২২ সালের সরকার বিরোধী বিক্ষোভের পর দেশটিতে প্রথম পার্লামেন্ট নির্বাচন এটি। খবর বিবিসি।

এবারের নির্বাচনে পার্লামেন্টের ২৯০টি আসনের জন্য প্রায় ১৫ হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে দেশটির ধর্মীয় সংখ্যালঘুদের জন্য সংরক্ষিত আসন রয়েছে পাঁচটি। আনুষ্ঠানিকভাবে ইসলামিক পরামর্শ পরিষদ নামে পরিচিত এই পার্লামেন্টের আসনের মেয়াদ চার বছর। দেশটিতে ৬ কোটি ১২ লাখের বেশি ভোটার রয়েছে।

Iran elections

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ইসলামিক কনস্যুলেটিভ অ্যাসেম্বলি (সংসদ) এর ১২ তম এবং অ্যাসেম্বলি অব লিডারশিপ এক্সপার্টের ৬ষ্ঠ মেয়াদের জন্য ভোটগ্রহণ শুরু হয়েছে।’

শুক্রবারের নির্বাচনকে ইরানের নেতৃত্বের জন্য বৈধতা এবং জাতীয় সমর্থনের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ইরানের সর্বোচ্চ নেতা আলী হোসেইনি খামেনি তেহরানে ভোট দিচ্ছেন।

২০২২ সালের ‘অনুপযুক্ত’ হিজাব পরার দায়ে দেশটিতে নীতিপুলিশের হেফাজতে এক তরুণীর মৃত্যু হয়। এর জেরে দেশটিতে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়েছিল। অস্থিরতার এ সময়কালে ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে উদাসীনতা তুঙ্গে।

বিশ্লেষকরা মনে করছেন, কেন্দ্রে ভোটারের উপস্থিতি কম হতে পারে। 

রাষ্ট্র-সংশ্লিষ্ট পোলিং এজেন্সির অনুমান, পার্লামেন্টের নির্বাচনে ৪১ শতাংশ ভোটার অংশগ্রহণ করতে পারেন। এই অনুমান সঠিক হলে বিগত ১২টি ভোটের মধ্যে সর্বনিম্ন ভোটদানের রেকর্ড গড়বে এবারের নির্বাচন।