রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বেইলি রোড ট্র্যাজেডিতে শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বেইলি রোড অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি শোক জানিয়ে অফিশিয়াল ফেসবুজ পেজ থেকে একটি পোস্ট করেছে বিসিবি। সেখানে তারা লিখেছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড বেইলি রোডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।'
বেইলি রোড ট্র্যাজেডিতে শোক জানিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনেকেই।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বেইলি রোড ট্র্যাজেডিতে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেছেন। এছাড়া তিনি লিখেছেন, ‘আমাদের বদলানো উচিত, নাহলে কখনোই পরিবর্তন হবে না’। মূলত একের পর এক আগুন লাগার ঘটনাকেই ইঙ্গিত করেছেন দেশসেরা এই ওপেনার।
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান লিখেছেন, ‘আমরা শোকাহত। বেইলি রোডের ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি আমাদের সহানুভূতি ও প্রার্থনা রয়েছে।’
এছাড়াও এই ঘটনায় শোক জানিয়েছেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম, পেসার তাসকিন আহমেদ, অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও টাইগার অধিনায়ক নাজমুল হাসান শান্ত।