প্রায় সাত বছর ধরে টেস্ট খেলছে আয়ারল্যান্ড। এই সাত বছরে সাত টেস্ট খেলেছে আইরিশরা। তবে একটিতেও জয়ের মুখ দেখেনি আয়ারল্যান্ড। তবে অবশেষে সাদা পোশাকের ক্রিকেটে জয়ের দেখা পেয়েছে আইরিশরা। নিজদের অষ্টম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে আয়ারল্যান্ড।
শুক্রবার (০১ মার্চ) নিরপেক্ষ ভেন্যু আবুধাবির টলারেন্স ওভালে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট আফগানদের ৬ উইকেটে হারিয়েছে আইরিশরা। মার্ক অ্যাডায়ারের দুর্দান্ত বোলিংয়ে প্রথম ইনিংসে আফগানিস্তানকে তারা অলআউট করে ১৫৫ রানে।
জবাব দিতে নেমে ৮৩.৪ ওভারে ২৬৩ রান তুলে ১০৮ রানের লিড নেয় আইরিশরা। দ্বিতীয় ইনিংসে ২১৮ রানে অলআউট হয় আফগানিস্তান। ফলে জয়ের জন্য আয়ারল্যান্ডের টার্গেট দাঁড়ায় ১১১ রান।
১১১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় আয়ারল্যান্ড। দলীয় ৩৯ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে আইরিশরা। তবে অ্যান্ডি বালবির্নি ও লোরকান টাকারের ব্যাটে জয়ের পথে থাকে আয়ারল্যান্ড।
এই দুই ব্যাটারের ব্যাটে আর কোনো উইকেট না হারিয়ে ৬ উইকেটের জয় পায় আইরিশরা। বালবির্নি ৯৬ বলে ৫৮ ও টাকার ৫৭ বলে ২৭ রানে অপরাজিত থাকেন।