বুড়ো, কিন্তু এখনো নট আউট: তামিম 

কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে বিপিএলের দশম আসরের শিরোপা জিতেছে ফরচুন বরিশাল। চ্যাম্পিয়ন হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে ও দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদকে ডেকে নেন অধিনায়ক তামিম ইকবাল। বিপিলের শিরোপা এই দুই অভিজ্ঞ ক্রিকেটারকে উৎসর্গ করেন বরিশালের অধিনায়ক।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন এইচডি অ্যাকারম্যান। তিনি অভিজ্ঞ এই তিন ক্রিকেটারকে উদ্দেশ্য করে বলেন, 'আমি কাউকে কোনো অসম্মান না করেই বলছি, এই বুড়োদের মধ্যে এখনো লড়াইয়ের মানসিকতা বাকি আছে।' 

এর জবাবে মুশফিক বলেন, 'আমি সেটাই আশা করি। আমরা ভবিষ্যতেও আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।' মুশফিকের কথার সঙ্গে যোগ দিয়ে হাসি মুখে তামিম বলেন, 'বুড়ো, কিন্তু এখনও নট আউট।' 

চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মুশফিকের ভূমিকার কথা উল্লেখ করে তামিম আরও বলেন, 'এই ধরনের টুর্নামেন্টে প্রচুর চাপ থাকে। এখানেই আমাকে মুশিকে ধন্যবাদ জানাতে হবে। কারণ, সে আমার ওপর থেকে অনেক চাপ সরিয়ে নিয়ে গেছে।'