এই সময়ের ছড়া

রিফাতের জন্য

রিফাত রে তুই কেউ না আমার—

        আত্মীয় বা কাছের কেউ,

তবু কেন তোর জন্যে

        বুকটা জুড়ে ব্যথার ঢেউ!

পশুর থাবায় জীবন দিয়ে

         হারিয়ে গেলি কোন দূরে,

রয়ে গেলি তবু আমার

          কান্নাভরা মন জুড়ে।

তুই যে এখন আমার কাছে

           অনেক চেনা আপনজন,

তোর ছবিটা কাঁদায় আমায়

           দিন-রাত্রি সারাক্ষণ।

ক্ষমা করিস ভাইটি আমার!

          আমরা বড় অধম রে,

তোর প্রাণটা বাঁচাতে তাই

          বাড়াইনি কেউ কদম রে।

 

কিন্তু সবাই নয় তো অধম

           তাই তো এখন একসাথে,

ওই খুনিদের শাস্তি চেয়ে

            নেমে এলাম রাস্তাতে:

খুনের বিচার হতেই হবে—

           ওদের কঠিন শাস্তি চাই,

মানবপশু সন্ত্রাসীদের

           স্বাধীন দেশে জায়গা নাই।

যতোই থাকুক শক্তি ওদের—

          মুরব্বি আর গদফাদার,

সকল কিছু তুচ্ছ করে

          হতেই হবে ন্যায়বিচার।