কামারখন্দে বেড়েছে চোরের উৎপাত

সিরাজগঞ্জের কামারখন্দে বেড়েছে চুরির ঘটনা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে গরুসহ মূল্যবান সামগ্রী চুরির ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। থানায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে দাবি করেন ভুক্তভোগীরা। তবে পুলিশ বলছে, চুরি ঠেকাতে তারা নানা কার্যক্রম বাস্তবায়ন করছে।

সম্প্রতি গত রবিবার রাতে উপজেলার ভায়ারচর এলাকার খামারী আব্দুল হান্নানের খামার থেকে আটটি গরু চুরি হয়েছে। ঐ রাতেই টেংরাইল এলাকার শফিকুল ইসলামের বাড়ি থেকে দুটি গরু চুরি হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, গত কয়েক মাসে গরু, অটোভ্যানের ব্যাটারি ও অটোভ্যানসহ বিভিন্ন ধরনের মূল্যবান জিনিস চুরি হয়েছে। এসব চুরির ঘটনায় থানায় অভিযোগ বা মামলা করেও খোয়া যাওয়া কোনো মালামাল উদ্ধার হচ্ছে না। বর্তমানে চুরির ঘটনা আরও বেড়েছে।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. রেজাউল ইসলাম জানান, চুরির ঘটনায় গত রবিবার দুপুরে ভুক্তভোগী আব্দুল হান্নান থানায় মামলা করেছেন। চুরি ঠেকাতে ফেব্রুয়ারি মাসে ২২টি স্থানে বিট পুলিশিংয়ের সভা করা হয়েছে। নিয়মিত টহল দেওয়া হচ্ছে। উপজেলার বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল বলেন, কামারখন্দে চুরির ঘটনায় দুটি মামলা হয়েছে। থানাপুলিশকে কঠোরভাবে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে চুরি হওয়া গরুগুলো উদ্ধার করা সম্ভব হবে।