মুডিস’র প্রতিবেদন

বাংলাদেশের ব্যাংকিং খাত নাজুক

ইত্তেফাক রিপোর্ট

বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ভবিষ্যত্ অবস্থা নেতিবাচক বলে উল্লে­খ করেছে বৈশ্বিক রেটিং এজেন্সি মুডি’স। আর এ কারণ হিসেবে খেলাপি ঋণের ঊর্ধ্বগতিকে দায়ী করেছে সংস্থাটি। সম্প্রতি তাদের ‘ব্যাংকিং সিস্টেম আউটলুক-বাংলাদেশি ব্যাংকস’ শীর্ষক রিপোর্টে বলেছে, দেশটির অর্থনীতি অনেক ভালো হলেও ব্যাংকিং খাতের অবস্থা নাজুক।

মুডি’স এ কর্মরত একজন বিশেষজ্ঞ তেংফু লি বলেন, প্রতিযোগিতামূলক গার্মেন্ট শিল্পের কারণে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রসারিত হচ্ছে। ঋণ ও রেমিট্যান্সের স্থিতিশীল প্রবৃদ্ধির কারণে অভ্যন্তরীণ ভোগ বাড়বে। তবে বিখণ্ডিত ব্যাংকিং খাতে সম্পদের গুণগতমান নিম্নগামী। ব্যাংকিং খাতে, বিশেষ করে সরকারি ব্যাংকে সুশাসনের দুর্বলতার কারণে খেলাপি ঋণের পরিমাণ জুন মাসে ১০ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।

আগামী ১২ থেকে ১৮ মাসের অবস্থা পর্যালোচনা করে মুডি’স বলেছে, খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে সামনের দিনগুলিতে ঝুঁকির পরিমাণ বাড়বে। মুডি’স মনে করে সামনের দিনগুলিতে খেলাপি ঋণের কারণে সুদের হার বাড়তে পারে এবং ব্যাংকিং খাতে মুনাফার হার কমতে পারে।

সংস্থাটি বলেছে, বাংলাদেশের ব্যাংকিং খাতে কাজ করার পরিবেশ স্বাভাবিক হলেও প্রদেয় ঋণের গুণগত মান, মূলধন এবং মুনাফা নিম্নগামী। তবে ব্যাংকিং খাতে প্রচুর অর্থ রয়েছে এবং সরকারের সহযোগিতা অব্যাহত রয়েছে।