ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাপানিজ স্টাডিজ বিভাগের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী জাপানিজ স্টাডিজ ডে-২০২৪ (ডিজেএস কার্নিভাল: একাডেমিক, স্পোর্টস অ্যান্ড কালচার) এর সমাপ্তি ঘোষণা করা হয়েছে। বিভাগ প্রতিষ্ঠার ৭ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি শুরু হয় গত রোববার (৩ মার্চ)।
মঙ্গলবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সামাজিক বিজ্ঞান অনুষদের মোজাফফর আহমেদ চৌধুরী অডিটরিয়াম ও বিভাগ প্রাঙ্গণে ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। এসব কার্যক্রমের মধ্য ছিল একাডেমিক সেশন, আন্তর্জাতিক গবেষণা সিম্পোজিয়াম, পোস্টার প্রতিযোগিতা, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাত, মিতসুবিশি করপোরেশন লিমিটেড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মিউং-হো লি ও জাইকা বাংলাদেশের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচি গুচি তোমোহিদে। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ অপেক্ষাকৃত নতুন হলেও অন্যান্য বিভাগের জন্য শিক্ষা, সহশিক্ষা ও ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক স্থাপনে দৃষ্টান্ত স্থাপন করেছে।
এ সময় তিনি জাপান-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে এ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আবুল বারকাত বলেন, এ বিভাগ শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ও এখন পর্যন্ত একমাত্র অঞ্চল অধ্যয়ন বিভাগ।
মিউং-হো লি বলেন, জাপানিজ স্টাডিজ বিভাগ ও এর শিক্ষক-শিক্ষার্থীরা জাপান-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চমৎকার ভূমিকা পালন করছে। জাইকা বাংলাদেশ সবসময়ই এ বিভাগের উন্নয়নে সহায়তা করবে।
বিভাগের সহকারী অধ্যাপক শিবলী নোমানের সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিলরুবা শারমিন।
অনুষ্ঠানে এ সময় বিভাগের শিক্ষক, জাইকা, মিতসুবিশি করপোরেশন লিমিটেড, নিউভিশন সলিউশনস লিমিটেড, জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রতিনিধিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
বিভাগের উন্নয়নে অসামান্য ভূমিকার জন্য কাজুকো ভূঁইয়া ট্রাস্ট, জাইকা বাংলাদেশ ও মিতসুবিশি করপোরেশনকে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রিসিয়েশন’-এ ভূষিত করা হয়।
তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক ইত্তেফাক। এছাড়া অনুষ্ঠানের টাইটেল স্পন্সর ছিল এসিআই মটরস, কো-স্পন্সর হিসেবে আইডিএলসি পিএলসি, প্লাটিনাম স্পন্সর লায়ন কল্লোল লিমিটেড ও গোল্ড স্পন্সর হিসেবে ছিল ইউয়াসা ব্যাটারি।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম অঞ্চল অধ্যয়ন বিভাগ জাপানিজ স্টাডিজ বিভাগ জাপান ও পূর্ব এশিয়ার অর্থনীতি, রাজনীতি, ব্যবসা, সমাজ, জাপানি ভাষা-সাহিত্য-সংস্কৃতি, দর্শন, ধর্ম, আন্তর্জাতিক সম্পর্ক ও বিভিন্ন দিক নিয়ে গবেষণা ও অধ্যয়ন করে আসছে।