তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সমতা এনেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। এই ম্যাচে দীর্ঘদিন পর রানের দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৫৩ রান করে অপরাজিত থেকে ম্যাচসেরাও হন টাইগার অধিনায়ক। ফর্মে ফেরার জন্য নতুন করে নিজের ব্যাটিং নিয়ে কাজ করছেন তিনি।
বুধবার (৬ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে শান্ত বলেন, 'হ্যাঁ (আমার) বিপিএলটা ভালো যায়নি। চেষ্টা করছি ব্যাটিংয়ে যে ঘাটতি ছিল সেটা নিয়ে কাজ করার। আজকে একটু ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। চেষ্টা করব সামনে এটা ধরে রাখার।’
তিনি আরও বলেন, ‘আমি ব্যাটিং নিয়ে কাজ করছিলাম। কী নিয়ে কাজ করছিলাম তা বলতে চাই না, অবশ্যই টেকনিক্যাল বিষয়। তবে এ নিয়ে কাজ করাতে যে আজকের ম্যাচে ফল এসেছে এমন কিছু না। অনেক দিন থেকেই একটা জিনিস ঠিক করার চেষ্টা করছি। আরও একটু ভালো করতে হবে।’