সিলেটে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৯ আসামি গ্রেফতার

সিলেট-তামাবিল সড়কের শাহপরান বাজার এলাকায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পুলিশের দায়েরকৃত মামলায় জাহাঙ্গীর বলয়ের ৯ আসামিকে পুলিশ গ্রেফতার করেছে।

শাহপরান (র) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল কাইয়ুম চৌধুরী জানান, এ ঘটনায় এসআই এনায়েত উল্যাহ বাদী হয়ে মামলা করেন। মামলায় জাহাঙ্গীরসহ ৬ জনের নামোল্লেখ করা হয়। অজ্ঞাত আসামি ৪০ জন। ৯ আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

গত ৩০ জুন সিলেট জেলা যুবলীগের বর্ধিত সভায় যোগ দেওয়া নিয়ে অ্যাডভোকেট আফছরের অনুসারী এক কর্মীর ওপর হামলা চালায় জাহাঙ্গীর আলমের অনুসারীরা। এর প্রতিবাদে মঙ্গলবার বিকালে শাহপরান বাজার এলাকায় প্রতিবাদ মিছিল করে অ্যাডভোকেট আফছর বলয়ের নেতাকর্মীরা। মিছিল শেষে সেখানেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সংঘর্ষে পুলিশের এসআই শাখাওয়াতসহ তিনজন আহত হন। তিনটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়েছে।