রাজশাহীর কাটাখালিতে বাসযাত্রী ও কলেজছাত্র ফিরোজ সরদারের হাত বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় অভিযুক্ত চালক ফারুক হোসেন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় পুঠিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া আটক হয়েছে ওই বাসের সাথে ঘর্ষণ লাগা ট্রাকটিও।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরও জানান, গত ২৮ জুন সন্ধ্যায় কাটাখালি পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে চলন্ত বাসে রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফিরোজ সরদারের ডান হাত বিচ্ছিন্ন হয়ে পড়ে। তার বাড়ি বগুড়ার নন্দীগ্রাম থানার নামোইট গ্রামে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ফিরোজের বাবা মাহফুজুর রহমান বাদী হয়ে নগরীর কাটাখালী থানায় একটি মামলা দায়ের করেন।