বরিশালে অস্ত্র ঠেকিয়ে ১২ লাখ টাকা ছিনতাই

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার মেজর এম এ জলিল সেতুতে অস্ত্র ঠেকিয়ে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্টের ১২লাখ টাকা ছিনতাই হয়েছে। বুধবার রাতে এ ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ছিনতাইকারীদের কবলে পরা মশিউর রহমান রিয়াজ গৌরনদী বাসস্ট্যান্ডের ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট এবং একই উপজেলার মাহিলাড়া গ্রামের আওয়ামী লীগ নেতা আবুল হোসেন মোল্লার ছেলে। রিয়াজ জানান, বুধবার বিকালে বাটাজোর, সরিকল ও গৌরনদীর এজেন্টে কালেকশনের ১২লাখ টাকা ডাচ্ বাংলা ব্যাংকে জমা দিতে মোটরসাইকেলযোগে বরিশাল নগরীর উদ্দেশ্যে রওয়ানা হন। পথে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের মেজর এম এ জলিল সেতুর টোল প্লাজা অতিক্রম করে ব্রিজ পার হওয়ার সময় চোখে ধুলা পরে। ব্রিজের মাঝামাঝি স্থানে মোটরসাইকেল থামিয়ে চোখ পরিস্কার করছিলেন তিনি। এ সময় দুটি মোটরসাইকেলে আসা হেলমেট পড়া চার ব্যক্তি অস্ত্রের মুখে তার সঙ্গে থাকা ব্যাগভর্তি ১২লাখ টাকা ছিনিয়ে নেয়।

উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল বলেন, সেতুর টোল প্লাজাসহ সংশ্লিষ্ট এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ছিনতাইকারীদের চিহ্নিতের চেষ্টা করা হচ্ছে।