সুজানগরের দুলাই ইউনিয়নের শান্তিপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষে ভাতিজা রিপন হোসেনের ছুরিকাঘাতে চাচা কালাম হোসেন নিহত হওয়ার পর এবার একই ঘটনায় আহত আরেক চাচা তালেব হোসেন (২৮) মারা গেছে। বুধবার গভীর রাতে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সুজানগর থানা পুলিশ জানায়, বাড়ির জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে গত ২৬ জুন রাতে ঐ গ্রামের হানিফ প্রামাণিকের ছেলে রিপন গং ও তার চাচা কালাম গংয়ের মধ্যে সংঘর্ষ হয়। এতে রিপনের ছুরিকাঘাতে তার চাচা কালাম হোসেন, তালেব হোসেন ও জামাল হোসেন মারাত্মকভাবে আহত হন।
থানার ইনসপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ইতোপূর্বে এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা হয়েছে। পুলিশ মামলার প্রধান আসামি রিপনসহ অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।