টেস্ট ক্রিকেটারদের জন্য প্রণোদনা ঘোষণা ভারতের

বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটেই বেশি মনোযোগী হচ্ছে ক্রিকেটারা। যার ফলে অবহেলিত হচ্ছে টেস্ট ক্রিকেট। সাদা পোশাকের ক্রিকেটে খেলোয়াড়দের আগ্রহ বাড়াতে ‘টেস্ট ক্রিকেট প্রণোদনা স্কিম’ চালুর ঘোষণা দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় প্রণোদনার ঘোষণা দেন বিসিসিআই সচিব জয় শাহ। তিনি লিখেছেন, ‘ভারতের পুরুষদের টেস্ট দলের খেলোয়াড়দের জন্য ‘টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম’ চালু করার ঘোষণা করতে পেরে আমি আনন্দিত, যার লক্ষ্য আমাদের সম্মানিত ক্রীড়াবিদদের আর্থিক বৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রদান করা।’ ২০২২-২৩ মৌসুমকেও এই প্রণোদনার আওতায় ধরা হয়েছে।

মৌসুমে ৯ টেস্ট ধরে বাড়তি বোনাসের একটি তালিকা দিয়েছে বিসিসিআই। তবে কোনো খেলোয়াড় মৌসুমে ৫০ শতাংশের কম টেস্ট (৪ ম্যাচের কম) খেললে এই অর্থ পাবেন না। ৫০ শতাংশের বেশি টেস্ট (৫ ও ৬ ম্যাচ) খেলা ক্রিকেটাররা ম্যাচ প্রতি পাবেন ৩০ লাখ রুপি। ৭৫ শতাংশের বেশি টেস্ট (৭ বা এর বেশি ম্যাচ) খেলা খেলোয়াড়রা ম্যাচ প্রতি পাবেন ৪৫ লাখ রুপি। 

এ ছাড়া প্রতি টেস্টে ১৫ লাখ রুপি ম্যাচ ফি তো থাকছেই। অর্থাৎ মৌসুমে ৭৫ শতাংশের বেশি টেস্ট খেললে একটি টেস্ট থেকে ম্যাচ ফি ও বাড়তি অর্থ মিলিয়ে ৬০ লাখ রুপি আয় করতে পারবেন একজন ক্রিকেটার। একাদশের বাইরে স্কোয়াডে থাকা অন্য খেলোয়াড়রাও পাবেন বাড়তি অর্থ।