ঢাবিতে টেকসই উন্নয়ন বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে কাল

ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং অর্থনীতি বিভাগের যৌথ উদ্যোগে আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের মুজাফফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে এ সম্মেলনটি অনুষ্ঠিত হবে। সম্মেলনে আমেরিকা, কানাডা, ভারত, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের গবেষকদের ত্রিশটি গবেষণাপত্র উপস্থাপিত হবে। গতকাল বৃহস্পতিবার অর্থনৈতিক গবেষণা ব্যুরো মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শফিকুজ্জামান, অর্থনৈতিক গবেষণা ব্যুরোর চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ এবং ব্যুরোর পরিচালক অধ্যাপক নাজমা বেগম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে উপস্থাপনের জন্য দেশ-বিদেশের প্রায় ১০০ জন গবেষক তাদের গবেষণাপত্র পাঠিয়েছেন। বাচাই কমিটি সেখান থেকে ত্রিশটি গবেষণাপত্র সম্মেলনে উপস্থাপন করার জন্য চূড়ান্ত করেছে। সম্মেলনের প্রথম দিনে থাকবে ছয়টি একাডেমিক সেশন ও দুইটি অরগানাইজড সেশন এবং দ্বিতীয় দিনে থাকবে চারটি একাডেমিক সেশন ও তিনটি অরগানাইজড সেশন। উদ্বোধনী সেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি এবং সমাপনী অধিবেশনে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এমপি। নিবন্ধন সাপেক্ষে সম্মেলনটি সকলের জন্য উন্মুক্ত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।