জাতীয় দলের জার্সিতে অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত এর আগেও মাঠে নেমেছেন। তবে সেগুলোতে তিনি ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্বে ছিলেন। পূর্ণ মেয়াদের অধিনায়ক হওয়ার পরে এবারই প্রথম সিরিজ খেলতে নেমেছেন, যেখানে প্রথম সিরিজেই হেরেছে টাইগার বাহিনী।
গতকাল সিরিজ নির্ধারনী ম্যাচে হেরে টাইগার নেতা শান্ত বলেছেন, ‘শুরুর দিকে তারা (শ্রীলঙ্কা) দুর্দান্ত ব্যাটিং করেছে। তবে শেষ ৪-৫ ওভার আমরা ভালোভাবে ফিরে এসেছি। নুয়ান তুশারা অসাধারণ বোলিং করেছে। সেখানেই হয়তো আমরা ম্যাচটা হেরে গেছি।’ শান্ত আরো বলেছেন, ‘সামনে আমরা কীভাবে খেলব, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। বিশেষ করে প্রথম ৬ ওভার। এই সিরিজ থেকে আমরা অনেক আত্মবিশ্বাস নিতে পারি।’ ওয়ানডে সিরিজ নিয়ে তিনি বলেছেন, ‘এটি ভিন্ন ফরম্যাট এবং আমরা সেই সিরিজের জন্য অপেক্ষায় আছি।’
এদিকে হ্যাটট্রিক করে ম্যাচ জেতানোর পরে শ্রীলঙ্কান পেসার নুয়ান তুশারা বলেছেন, ‘আমি ফর্মে ফিরতে পেরেছি এবং ম্যাচে ভালো কিছু করতে পেরে সত্যিই অনেক খুশি। এটা ছিল আমার প্রথম হ্যাটট্রিক। এমন ম্যাচে দলের জয়ে অবদান রাখতে পেরে আমি খুশি।’
সিরিজ জয়ের পরে লঙ্কান অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা বলেছেন, ‘আমি ড্রেসিংরুমে বসে প্রথম দুটি ম্যাচ দেখেছি। আমাদের ছেলেরা সিরিজ জুড়ে অনেক ভালো ক্রিকেট খেলেছে। আমাদের ব্যাটারদের পাশাপাশি বোলাররা দারুণভাবে ম্যাচে অবদান রেখেছেন।’
তুশারাকে নিয়ে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘এই সিরিজে এটা তার প্রথম ম্যাচ ছিল। আর তার ওপরে ভরসা করে আমরা সিরিজ জিতলাম। বিশ্বকাপের আগে এটা আমাদের শেষ টি-টোয়েন্টি সিরিজ। এখান থেকে আমরা অনেক আত্মবিশ্বাস নিয়ে যেতে পারব।’