ব্রাজিলের কাছে কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৫-০ গোলে হেরে খাদের কিনারায়ই চলে গিয়েছিল পেরু। অন্য গ্রুপের ফলাফল নিজেদের পক্ষে না এলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হতো শেষ দুইবারের সেমিফাইনালিস্টদের। সেই পেরুই কি না এ প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে টানা তৃতীয় শিরোপার সন্ধানে থাকা চিলিকে হারিয়ে পৌঁছে গেল দক্ষিণ আমেরিকার সবচাইতে বড়ো ফুটবল আসরটির ফাইনালে।
আগামী রবিবার রাতে বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে স্বাগতিক ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্ব লাভের লক্ষ্যে লড়বে কোচ রিকার্দো গারেকার শিষ্যরা।
পেরু গতকাল বৃহস্পতিবার সকালে ব্রাজিলের পোর্তো অ্যালেগ্রেতে ২১তম মিনিটেই এডিসন ফ্লোরেসের গোলে এগিয়ে যায়। এরপর ৩৮তম মিনিটে য়োশিমার ইয়োতুনের গোলে ব্যবধান বাড়ায় তারা। ম্যাচের অন্তিম সময়ে পাওলো গুয়েরেরো শিরোপাধারী চিলির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিলে ইতিহাসে তৃতীয় বারের মতো ফাইনালে ওঠে পেরু।
ফুটবলের প্রাচীনতম এ প্রতিযোগিতার আগের কাঠামোয় ১৯৪৩, ১৯৪৫, ১৯৪৭ পর্যন্ত টানা তিনটি শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। নতুন কাঠামোয় টানা দুইবার শিরোপা জিতেছে ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও গেলবারের চ্যাম্পিয়ন চিলি। তিনবার জেতা হয়নি কোনো দলেরই। তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যুগে আর্জেন্টিনার সেই কীর্তিটি এখনো অস্পৃশ্যই রয়ে গেছে।
চলতি আসরে সে কীর্তি ছোঁয়ার হাতছানি ছিল ২০১৫ ও ২০১৬ সালের শিরোপাজয়ী চিলির সামনে। কিন্তু নিজেদের প্রতিযোগিতামূলক ম্যাচের সবচেয়ে বড়ো হারের কবলে পড়লে সে কীর্তি অধরাই রয়ে যায় অ্যালেক্সিস সানচেজ-আর্তুরো ভিদালদের। শনিবার রাতে আর্জেন্টিনার বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দলটি।