বড়ো জুটির আক্ষেপ উইলিয়ামসনের

ইংল্যান্ডের কাছে গত বুধবারের হারে বিশ্বকাপের লিগ পর্ব শেষ করেছে নিউজিল্যান্ড। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ১১ পয়েন্ট। সেমিফাইনাল খেলাটা নিশ্চিত হলেও লিগ পর্বের শেষ তিন ম্যাচেই হেরেছে কিউইরা। এই তিক্ততা নিয়েই শেষ চারের লড়াইয়ে শামিল হবে ব্ল্যাক ক্যাপসরা।

ডারহামের চেস্টার লি স্ট্রিটে ইংল্যান্ডের বিপক্ষে হারের জন্য বড় জুটি গড়তে না পারাকে দায়ী করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। রান তাড়া করতে নেমে জুটি না গড়তে পারার আক্ষেপেই পুড়ছেন তিনি। আগে ব্যাট করে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে ৮ উইকেটে ৩০৫ রান করেছিল ইংল্যান্ড। জবাবে ৪৫ ওভারে ১৮৬ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। দলের পক্ষে সর্বোচ্চ ৫৭ রান করেছিলেন মিডল অর্ডার ব্যাটসম্যান টম ল্যাথাম। এছাড়া দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছিলেন আরো চার ব্যাটসম্যান।

মূলত বিশ্বকাপ জুড়ে ব্যাটিংয়ে কিউইদের টেনে গেছেন রস টেইলর ও কেন উইলিয়ামসন। গতকাল তারা ব্যর্থ হয়েছেন বড় ইনিংস খেলতে। উইলিয়ামসন ২৭, রস টেইলর ২৮ রান করেছেন। দুজনই রান আউট হয়েছেন। তাদের ইনিংসে সর্বোচ্চ ৫৪ রানের জুটি হয়েছে পঞ্চম উইকেটে জিমি নিশাম ও ল্যাথামের মধ্যে। তৃতীয় উইকেটে ৪৭, সপ্তম উইকেটেও ৩৬ রানের জুটি হয়েছিল।

উইলিয়ামসনের মতে, ইংল্যান্ডের ইনিংসের শেষ ভাগ থেকেই উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন হয়ে পড়েছিল। গত বুধবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘দ্বিতীয়ভাগে ব্যাটিংয়ে যাওয়ার সময় আমাদের দরকার ছিল কয়েকটি বড় জুটির, তা নিশ্চিতভাবেই টপঅর্ডারে। যা হয়নি।’

নিউজিল্যান্ড অধিনায়ক আরো বলেছেন, ‘ছন্দ পাওয়া এবং চেষ্টা করে যাওয়ার মতো সহজ উইকেট এটি কোনোভাবেই নয়। কিন্তু একইভাবে ব্যাটিং ইউনিট হিসেবে এটা গুরুত্বপূর্ণ ছিল যে, আমরা চেষ্টা করে যাওয়া এবং ম্যাচটা এমন জায়গায় নিয়ে যাওয়া যেখানে আমরা নিজেদেরকে জয়ের সুযোগটা করে দিতে পারব। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’

শেষ তিন ম্যাচে হারলেও ২০১৫ বিশ্বকাপের ফাইনালে খেলা উইলিয়ামসনের মতে, নিউজিল্যান্ড এখনো তাদের সেরাটা খেলতে পারেনি। তিনি বলেছেন, ‘আমাদের দিক থেকে আমরা জানি, আমরা এখনও সেরা পারফরম্যান্স দেখাতে পারিনি। আমরা জানি যখন এটা আমরা করতে পারব, তখন যে কাউকে হারানোর সেরা সুযোগ এনে দেবে।’ কয়েক দিনের বিরতির পর সেমিফাইনালে নতুনভাবে শুরুর আশা করছে নিউজিল্যান্ড। উইলিয়ামসের আশা, শেষ চারের লড়াইয়ে ঘুরে দাঁড়াবে কিউইরা।