বয়সটা মাত্র ২২। তবে ব্যাট হাতে প্রতিপক্ষের সঙ্গে যুদ্ধে লড়ে জয় ছিনিয়ে আনতে জুড়ি মেলা ভার ভারতীয় ক্রিকেটার জশস্বী জয়সওয়ালের। গেল মাসে যার প্রমাণ পেল গোটা ক্রিকেট বিশ্ব।
গতকাল ফেব্রুয়ারি মাসসেরা খেলোয়াড়ের নাম প্রকাশ করে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে নিউজিল্যান্ডের তারকা ব্যাটার কেন উইলিয়ামসন ও শ্রীলঙ্কার পাথুম নিশাঙ্কাকে হারিয়ে মাসসেরা নির্বাচিত হন জয়সওয়াল। গেল এবং চলতি মাস মিলিয়ে ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ খেলে ভারত। সেই সিরিজের প্রথম তিন ম্যাচ অনুষ্ঠিত হয় গেল মাসে। সেই ম্যাচগুলোতে ১১২ গড়ে ৫৬০ রান করে জয়সওয়াল। যেখানে দুটি সেঞ্চুরি এবং দুটি ডাবল সেঞ্চুরিতে আসে এই ব্যাটারের ব্যাট থেকে।
এছাড়াও টেস্ট ক্রিকেটে এক ইনিংসে ১২টি ছক্কা মেরে ওয়াসিম আকরামের রেকর্ডে ভাগ বসান ২২ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম বারের মতো আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হওয়ার পর জয়সওয়াল বলেন, ‘প্রথম বারের মতো আমি আইসিসির এই পুরস্কার জিতেছি তাই আমি খুব খুশি। আশা রাখি সামনে আরও অনেক বার এমন দিন আসবে। আমার জীবনে প্রথম ৫ ম্যাচের সিরিজ খেলতে নেমে সতীর্থদের কাছ থেকে পাওয়া অভিজ্ঞতা ছিল বেশ দারুণ।’