নরসিংদীর চরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৯

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের আলোকবালীতে আওয়ামী লীগ সমর্থিত দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৯ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে ২০টি বাড়িঘর এবং লুট করে নিয়ে গেছে তিনটি গরু। গতকাল বুধবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন—মো. মনিরুজ্জামান (৪৫), বজলু মিয়া (৫২), শীতল মিয়া (৩০), আল-মাফুজ (১৮), আবদুর রহমান (১৮), খোকা মিয়া (২৮), রমজান (২৫), মোজাম্মেল (১৮), আরিফুল (১৯) ও আমজাদ (২০)। এছাড়া অজ্ঞাত আরো কয়েক জনকে নরসিংদী এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

জানা গেছে, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত্ আলোকবালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দীপুর সঙ্গে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদ উল্লাহর দ্বন্দ্ব চলছিল। দ্বন্দ্বের জেরে উভয় পক্ষে একাধিক বার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং একাধিক হত্যাকাণ্ডও সংঘটিত হয়েছে।

সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচনে আসাদ উল্লাহ স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কামরুজ্জামান কামরুলের পক্ষে এবং দেলোয়ার হোসেন দীপু আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম হিরুর পক্ষে নির্বাচনি প্রচারণা করেন।

এই নির্বাচনকে কেন্দ্র করে আসাদ উল্লাহর বেশ কয়েক জন সমর্থক এলাকা ছাড়া হয়। গতকাল বুধবার ভোরে মুরাদনগর গ্রামের আসাদ উল্লাহর সমর্থকরা নিজ নিজ বাড়িতে ওঠার চেষ্টা করলে প্রতিপক্ষ দীপুর সমর্থকরা বাধা প্রদান করে। এতে উভয় পক্ষে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় উভয় পক্ষের ১৫ জন আহত হন।

খবর পেয়ে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর তারেকের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলে তিনি জানান।