পুরান ঢাকার লালবাগের আজিমপুর কবরস্থান সংলগ্ন মেয়র হানিফ জামে মসজিদের খাদেম আবু হানিফের (৪৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে তিন তলা মসজিদের দ্বিতীয় তলায় খাদেমের কক্ষের পাশের গুদামঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। পরে লাশ বস্তাবন্দি করে খুনিরা পালিয়েছে। এ ঘটনায় মসজিদের মুয়াজ্জিন, তিন খাদেম ও একজন পরিচ্ছন্নকর্মীসহ মোট পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। নিহত হানিফের গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়।
লালবাগ থানার ওসি কে এম আশরাফ উদ্দিন বলেন, খাদেমকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আমরা ধারণা করছি, মঙ্গলবার দুপুর থেকে রাতের মধ্যে যে কোনো সময় হত্যার ঘটনাটি ঘটতে পারে। হত্যাকাণ্ডে কে বা কারা জড়িত থাকতে পারে, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আসামি গ্রেফতারের পর হত্যার কারণ সম্পর্কে জানা যাবে। তিনি জানান, ঐ মসজিদের পাঁচ জন খাদেম ও একজন পরিচ্ছন্নকর্মী থাকেন। এর মধ্যে হানিফের লাশ উদ্ধারের পর থেকে সাইফুল নামের এক খাদেমকে পাওয়া যাচ্ছে না। তিনি পলাতক আছেন। বাকি তিন খাদেম ও মুয়াজ্জিনসহ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের শ্বশুর জাকির শেখ বাদী হয়ে লালবাগ থানায় মামলা করেছেন।
হানিফের স্বজনরা জানান, দুই মাস আগে তারাবির নামাজ পড়ানোর জন্য আবু হানিফকে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন থেকেই খাদেম সাইফুলের সঙ্গে হানিফের বনিবনা হচ্ছিল না। এর জেরে হত্যাকাণ্ডটি ঘটতে পারে।
মঙ্গলবার দুপুরের পর থেকে হানিফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বুধবার মধ্যরাতে খাদেমের কক্ষের পাশের ঘরের গুদামঘর থেকে দুর্গন্ধ আসছিল। পরে পুলিশকে খবর দেওয়া হলে হানিফের লাশ উদ্ধার করা হয়। লাশের সুরতহাল রিপোর্টের পর ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। গতকাল লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।