দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত জয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করেছিল টাইগাররা। সেই ধারাবাহিকতা অবশ্য ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সেমিফাইনালের লড়াই থেকে ছিটকে গেছে মাশরাফি বাহিনী। আজ লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হচ্ছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তানের। দলের প্রধান কোচ স্টিভ রোডস জানিয়েছেন, লর্ডসে জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ। সুখস্মৃতি নিয়ে ফিরতে চান তাঁরা। বাস্তবে কঠিন হলেও কাগজে-কলমে সেমিফাইনালের স্বপ্ন এখনো বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। তবে সরফরাজের দলকে আজ জিততে হবে রেকর্ড ব্যবধানে। তাহলেই তারা নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে টিকিট পাবে। স্টিভ রোডস অবশ্য দৃঢ়তার সঙ্গেই বলেছেন, ‘পাকিস্তানকে সহজে ছাড় দেওয়া হবে না। জয় দিয়ে বিশ্বকাপের সূচনা করেছিলাম আমরা। শেষ ম্যাচটাও আমরা জিততে চাই।’
গতকাল বৃহস্পতিবার লর্ডসে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রোডস বলেন, ‘আমরা পাকিস্তানের সঙ্গে জয়ের জন্যই মাঠে নামব। ম্যাচ সামনে রেখে ছেলেরা অনুশীলন করেছে। আমাদের কিছু ভালো পরিকল্পনা রয়েছে। ভারতের সঙ্গে হেরে গিয়ে আমরা আর সেমিফাইনালের দৌড়ে নেই। তবে পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা আছে সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। খেলাটা হবে লর্ডসে। সবাই জানে এই স্টেডিয়ামটা কত সুন্দর। এই মাঠে সবাই জিততে চায়। আমরাও জিতে লর্ডসের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে চাই। ছেলেরা বিশ্বকাপে পাকিস্তানকে আরো একবার হারিয়ে গর্বিত হতে চায়। আমি ভালো করেই জানি, এই ম্যাচটা জেতার জন্য ছেলেরা কতটা উদগ্রীব হয়ে আছে। আসলে কোনো কিছুকেই ছোট বলে অবহেলা করা ঠিক না। এটা একটা আন্তর্জাতিক ম্যাচ। এটা বিশ্বকাপের একটি ম্যাচ। সবচেয়ে বড়ো কথা, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আমাদের খেলতে হচ্ছে। এই ম্যাচ জেতার জন্য ছেলেরা মরিয়া হয়ে খেলবে বলেই বিশ্বাস করি।’ এই ম্যাচে জিতলে বাংলাদেশের সামনে সুযোগ রয়েছে ৫ নম্বর দল হিসেবে বিশ্বকাপ মিশন শেষ করারও।
অধিনায়ক মাশরাফি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, এটাই তাঁর শেষ বিশ্বকাপ। সেই অর্থে আজই বিশ্বকাপে শেষ ম্যাচ খেলতে নামছেন অধিনায়ক। তাঁর বিদায়-মুহূর্তে দলের ড্রেসিং রুমের প্রতিক্রিয়া কী। জানতে চাইলে কোচ বলেন, ‘একটা বিষয় সত্য যে টিমের সবার সঙ্গেই মাশরাফির সম্পর্ক খুব ভালো। সবাই তাকে ভীষণ সম্মান করে। আমি সব সময় বলে এসেছি যে মাশরাফি একজন যোদ্ধা। সে সব সময় টিমের জন্য যুদ্ধ করেছে। দেশের মানুষও তাকে সম্মান করে। মাশরাফি বলেছে এটাই তার শেষ বিশ্বকাপ। তাই ড্রেসিং রুমে সবাই বেশ আবেগপ্রবণ হয়ে আছে। তবে এটা খেলায় প্রভাব ফেলবে না।’
গতকাল নেটে অনুশীলনের সময় ডান হাতের কনুইতে চোট পেয়েছেন মুশফিকুর রহিম। এ বিষয়ে জানতে চাইলে কোচ বলেন, ‘আঘাতটা খুবই সামান্য। ফিজিওর সঙ্গে আমার এখনো দেখা হয়নি। তাই বিস্তারিত বলতে পারছি না। তবে এরকম আঘাত পেয়ে কারো কনুই ভেঙে গেছে এমন উদাহরণ খুব একটা নেই।’