প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ওয়ানডেতেও হতাশ করলেন বাংলাদেশের ওপেনার লিটন কুমার দাস। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গোল্ডেন ডাক মেরেছিলেন তিনি। আর দ্বিতীয় ওয়ানডেতে মারলেন ব্রোঞ্চ ডাক। সাধারণত কোনো ব্যাটসম্যান প্রথম বলে আউট হলে সেটিকে বলা হয় গোল্ডেন ডাক। দ্বিতীয় বলে আউট হলে বলা হয় সিলভার ডাক। আর তৃতীয় বলে আউট হলে সেটি হয় ব্রোঞ্চ ডাক।
আবার কোনো বল না খেলে যদি রান আউট হয়ে সাজঘরে ফেরেন কোনো ব্যাটার, তখন সেটিকে বলা হয় ডায়মন্ড ডাক। এই ডাকের আরও একটি ধরন রয়েছে। প্রথম ইনিংসের প্রথম বলে কোনো ব্যাটসম্যান আউট হলে সেটি হয় প্লাটিনাম ডাক। এটি রয়্যাল ডাক নামেও পরিচিত। এই দিক থেকে লিটন প্রথম ওয়ানডেতে প্রথম বলেই আউট হওয়ায় সেটিকে গোল্ডেন ডাক বলা হয়েছিল। ক্রিকেটে এই ডাকের উদ্ভব হয়েছিল ১৮৬৬ সালে।
গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম থেকেই অপ্রস্তুত মনে হচ্ছিল ডানহাতি ব্যাটার লিটন দাসকে। ম্যাচের তৃতীয় বলেই সেই নড়বড়ে অবস্থানের প্রমাণ দেন তিনি। বাংলাদেশের রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। এবারো ব্যর্থ হলেন লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার বিপক্ষে। প্রথম ম্যাচে ডানহাতি এই পেসারের গুডলেংথের বল ব্যাটে নিতে গিয়ে ব্যর্থ হয়েছিলেন লিটন। দ্বিতীয় ম্যাচে যখন সেই মাদুশঙ্কার বিপক্ষেই ব্যাট করছিলেন তিনি, তখন মানসপটে ভেসে উঠছিল প্রথম ম্যাচের সেই মুহূর্ত।
সেটি মনে হতে হতেই দ্বিতীয় বারের মতো ব্যর্থ হন লিটন। মাদুশঙ্কার করা লেগ স্টাম্পের বল ফ্লিক করতে গিয়ে স্কয়ার লেগে দুনিথ ভেল্লালাগের হাতে ধরা পড়েন। এরপরে রান করার ব্যাটটিকে বগলদাবা করে সাজঘরে ফেরা ছাড়া লিটনের কাছে আর কোনো উপায় ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে লিটনের এটি চতুর্থ ডাক। এখন পর্যন্ত ৯১টি ওয়ানডে ম্যাচে লিটন ডাক মেরেছেন ১৪ বার। ইতোমধ্যে লজ্জার এই রেকর্ডে ছাড়িয়ে গেলেন মোহাম্মদ আশরাফুলকে। লিটনের সামনে রয়েছেন মাশরাফি বিন মুর্তজা (১৫ ডাক), মোহাম্মদ রফিক (১৫ ডাক), হাবিবুল বাশার সুমন (১৮ ডাক) ও তামিম ইকবাল (১৯ ডাক)।
সৌম্যের ২ হাজার রান
বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন সৌম্য সরকার। তিনি গতকাল ৬৬ বলে ৬৮ রান করে আউট হন। তার আগে এই মাইলফলকে লাল-সবুজের জার্সিতে নাম লেখান সৌম্য। এর আগে ৬৫ ইনিংস থেকে ২ হাজার রান করেছিলেন লিটন দাস ও শাহরিয়ার নাফিস। সেই হিসেবে ১ ইনিংস কম খেলেই দ্রুততম ২ হাজার রানের মাইলফলকে পৌঁছে গেছেন ৩১ বছর বয়সী বাঁহাতি ব্যাটার সৌম্য। বিশ্ব ক্রিকেটে তার আগে রয়েছেন আরো ৮১ জন ব্যাটসম্যান। ওয়ানডেতে সবচেয়ে দ্রুত ২ হাজার রান স্পর্শ করেছেন ভারতের শুভমান গিল। তিনি ৩৮ ইনিংস খেলেই এই লক্ষ্যে পৌঁছেছিলেন।
এ দিকে গতকাল বাংলাদেশের জার্সিতে নিজের শততম ম্যাচ খেলতে নেমেছিলেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওয়ানডেতে সেঞ্চুরি করা শান্ত দ্বিতীয় ওয়ানডেতে ৩৯ বলে ৪০ রান করে থেমেছেন। এখন পর্যন্ত তিন ফরম্যাটে ৩ হাজার ৪৮৯ রান করেছেন বাংলাদেশের কাপ্তান। এর মধ্যে রয়েছে ৮টি সেঞ্চুরি ও ১৫টি হাফ সেঞ্চুরি। পূর্ণকালীন অধিনায়ক হওয়ার পরে এটিই শান্তর প্রথম সিরিজ। এর আগে ভারত বিশ্বকাপে ও নিউজিল্যান্ড সিরিজে সাকিব আল হাসানের অনুপস্থিতিতে নেতৃত্বের দায়িত্ব সামলিয়েছিলেন তিনি।