টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জনের বাসার এক কর্মীর আত্মহত্যা

টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল বাছিতের বাসার কেয়ারটেকারের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে টাঙ্গাইল শহরের আকুর টাকুরের ঐ বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

টাঙ্গাইলের সাবেক সিভিল সার্জন ডা. আব্দুল বাছিত জানান, গত মঙ্গলবার থেকে তার বাসার কেয়ারটেকার শামীম হোসেনকে (২৫) খুঁজে পাওয়া যাচ্ছিল না। তাকে না পেয়ে তার পরিবারকে নিখোঁজের কথা জানানো হয়। বৃহস্পতিবার বাসার নিচতলায় প্রচণ্ড গন্ধ বের হয়। পরে তিনি কোথাও ইঁদুর বা বিড়াল মরে রয়েছে কি না তা আরেক কেয়ারটেকারকে খোঁজ নিতে বলেন। একপর্যায়ে বাসার নিচতলার একটি কক্ষের দরজা খুলতেই শামীমের লাশ দেখা যায়। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ  লাশ উদ্ধার করে।

শামীম হোসেনের বাড়ি মধুপুর উপজেলার কাইদকাই গ্রামে। তার বাবার নাম মো. শাহজাহান। টাঙ্গাইল মডেল থানার ওসি সায়েদুর রহমান বলেন, ছেলেটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সে মাদকাসক্ত ছিল।