প্রকাশ্যে ট্রেনে হামলার ঘটনা নিয়েও বিএনপি মিথ্যাচার করছে :নাসিম

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তত্কালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে ট্রেনে প্রকাশ্যে গুলি ও বোমা হামলা চালানোর ঘটনা নিয়েও বিএনপি মিথ্যাচার করছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘চলমান রাজনীতিক বিষয়ক’ এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শেখ হাসিনার ওপর গুলিবর্ষণ এবং বোমা হামলার মামলাকে মিথ্যা ও অসত্য বলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে মিথ্যাবাদী অভিহিত করে মোহাম্মদ নাসিম আরো বলেন, আসলে ওরা ভণ্ড, এত বড় ঘটনাকেও বলছে মিথ্যা। মামলার রায়ের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, সেদিন শেখ হাসিনাকে হত্যা করার জন্য ট্রেনের বগিতে বোমা হামলা ও গুলি চালানো হয়। জঘন্য এ হামলা থেকে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান। এ ঘটনা যখন ঘটানো হয়, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আমি দেখেছি, বিএনপির সন্ত্রাসীরা কত জঘন্য। তিনি বলেন, দীর্ঘদিন পরে হলেও এ মামলার বিচার হয়েছে। বিচারের বাণী কখনো শেষ হয় না।

দেশে সংঘটিত সব হত্যাকাণ্ড মামলার বিচার দ্রুত শেষ করার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে সব অপরাধের বিচার হচ্ছে। আমি আইনমন্ত্রীকে বলব উচ্চ আদালতের বিচারগুলো দ্রুত করার ব্যবস্থা করুন।’

মোহাম্মদ নাসিম বলেন, কয়েকটি রাজনৈতিক দল গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে হরতাল ডেকেছে। হরতালের রাজনীতি এখন ভোঁতা হয়ে গেছে। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির আজকের পরিণতির জন্য তারা নিজেরাই দায়ী। পাপের ফল ভোগ করছে বিএনপি।

বঙ্গবন্ধু একাডেমির সভাপতি নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ডা. দিলীপ রায়, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, এম এ করিম, বঙ্গবন্ধু একাডেমির মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ বক্তব্য রাখেন।