বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যে মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে আটকে রেখেছে সরকার। খালেদা জিয়া বাইরে থাকলে অপশাসন করতে পারত না সরকার। খালেদা জিয়া খুবই অসুস্থ, প্রয়োজনীয় চিকিত্সা না দিয়ে তাকে আটকে রাখা হয়েছে। সুচিকিত্সার আশ্বাস দিলেও হচ্ছে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী একটা অর্থনীতি ফোরামের দাওয়াতে চীন গেছেন, চীনের সরকারের দাওয়াতে যাননি। আমরা খুব খুশি হতাম, তিনি যদি রোহিঙ্গা সমস্যা সমাধানে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বসে কাজটি করতেন, কিন্তু তিনি তা করছেন না। তিনি চুক্তি করেছেন, মেগাপ্রজেক্ট, মেগা দুর্নীতির চুক্তি। আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না।
গতকাল জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এক চিকিত্সক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, পাবনায় ট্রেনে হামলার ঘটনায় যে রায় দেওয়া হয়েছে, এতে গোটা জাতি বিস্মিত হয়েছে। ১৯৯৪ সালে ট্রেনে দুটি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। কে ছুড়েছে, কয়টি ছুড়েছে তার কোনো প্রমাণাদি নেই। অথচ এ মামলায় ৯ জনকে ফাঁসি ও ২৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এ রায়ে আমরা শুধু হতাশ নই, বিক্ষুব্ধ।
ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, ড্যাবের নবনির্বাচিত সভাপতি হারুন আল রশীদ, মহাসচিব ডা. আবদুস সালাম প্রমুখ।